Sunday, November 25, 2018

খেলতে খেলতে রসনাবিলাস

খেলতে খেলতে রসনাবিলাস

চার বছরের উমায়ের ওয়াফিককে খাবার খাইয়ে দিচ্ছেন নানি। খাবারটা মুখে নিয়েই অন্য কক্ষে ছুট দেয় সে—স্পাইডারম্যানের সঙ্গে গল্প করতে। মধ্যে কাচের দেয়াল থাকায় কেউ কারও কথা শুনতে পায় না। কিন্তু আনন্দে হাততালি দেয় ছোট্ট উমায়।
নানি–নাতির এই আদুরে দৃশ্য দেখা যায় গুলশানের হোটেল ফোর পয়েন্টস বাই শেরাটনের ইটারি রেস্তোরাঁয়। কংক্রিটের এই নগরে খাবারের পাশাপাশি শিশুদের বিনোদনের ভিন্নধর্মী আয়োজন থাকায় এর নাম রাখা হয়েছে কমিক ব্রাঞ্চ।
রেস্তোরাঁয় শুক্র ও শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বুফে আয়োজন থাকে। এর সঙ্গে বাড়তি পাওনা শিশুদের জন্য এই বিনোদন।
রেস্তোরাঁর কর্মকর্তা মাসদা বিনতে আলম জানান, বুফের পাশাপাশি শিশুদের জন্য বিনোদন এবং অন্যদের জন্য পুলে সাঁতারের সুযোগ রেখেছেন তাঁরা। তিনি বলেন, সাপ্তাহিক ছুটিতে মানুষ একটু দেরিতে দিন শুরু করে। তাই বুফেতে সকালের নাশতা এবং দুপুরের খাবারের নানা মুখরোচক পদের সমন্বয় থাকে। তবে বেশির ভাগ খাবার পরিবেশনে বিভিন্ন ধরনের কার্টুনের অবয়ব রাখা হয়েছে। আবার শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে স্পাইডারম্যান, ব্যাটম্যান ও হাল্কের মতো চরিত্র।
গতকাল শনিবার দুপুরে গুলশান ২ নম্বরের এই রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, কাচঘেরা কক্ষে বসে বাইরের পরিবেশ দেখতে দেখতে খাবার খাচ্ছেন সালেহা বেগম চৌধুরীর ১০ সদস্যের পরিবার। এদের মধ্যে শিশু চারটি।
সালেহা বেগম বলেন, খাবারের ব্যতিক্রমী আয়োজন এবং সাঁতারের ব্যবস্থা থাকায় তাঁরা ধানমন্ডি থেকে পরিবার নিয়ে এসেছেন। খাবারের নান্দনিক পরিবেশনা এবং স্বাদে মুগ্ধ।
তৃতীয় শ্রেণির রিফায়া মাহরীনের সবচেয়ে ভালো লেগেছে চিকেন নাগেট আর ব্যানানা চকলেট টার্ট। তবে অন্য শিশুরা খাবার খাওয়ার চেয়ে স্পাইডারম্যান ও ব্যাটম্যানের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করছে।
রেস্তোরাঁর কর্মকর্তারা জানান, এখানে খেতে প্রতিজনকে খরচ করতে হবে তিন হাজার টাকার কিছু বেশি। তবে শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুরা বিনা মূল্যে খাবার খেতে পারবে। আর ৬ থেকে ১২ বছরের শিশুদের জন্য খাবারের দাম অর্ধেক রাখা হয়েছে।

No comments:

Post a Comment