Monday, November 26, 2018

‘কলাগাছে’ কপাল খুলল কি?

‘কলাগাছে’ কপাল খুলল কি?

কক্সবাজার-৩ (রামু-কক্সবাজার সদর) আসনে জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু মনোনয়ন পাচ্ছেন শুনে আওয়ামী লীগের সাংসদ সাইমুম সরওয়ার কমলের সমর্থকেরা ‘কলাগাছ আন্দোলনে’ নেমেছিলেন। অদ্ভুত এই প্রতিবাদের পর গতকাল সোমবার সাইমুমকে মনোনয়নের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। গতকাল ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন সাইমুম নিজেই।
গতকাল রাতে জাতীয় পার্টির পাঠানো প্রার্থী তালিকায় এ আসনে জিয়াউদ্দিনের নাম রয়েছে। ফলে এখানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের চূড়ান্ত প্রার্থী আসলে কে হচ্ছেন, তা এখনো অস্পষ্ট থেকে গেল।
আওয়ামী লীগ একাদশ সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে গত রোববার। তখন কক্সবাজার-৩ আসনটি খালি রাখা হয়। এরপর এখানে মহাজোটের প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ মনোনয়ন পাচ্ছেন বলে গুঞ্জন ওঠে। এর প্রতিবাদে রোববার বিকেলে সাইমুমের সমর্থকেরা কক্সবাজার শহরের প্রধান সড়কের দুই পাশ, রামু চৌমুহনী, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও, বাংলাবাজার, খুরুলিয়াসহ বিভিন্ন এলাকায় কলাগাছ লাগিয়ে বিক্ষোভ দেখান। তাঁরা জিয়াউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
পরিবেশবাদীরা এ ধরনের প্রতিবাদের সমালোচনা করেছেন। কারণ, সাইমুমের সমর্থকেরা অন্য জায়গা থেকে শত শত কলাগাছ কেটে সড়কের বিভিন্ন স্থানে লাগিয়ে দেন।
জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ফরিদুল আলম বলেন, কলাগাছ আন্দোলনের কারণেই কমলের কপাল খুলেছে। তিনি এখন নৌকার মাঝি। বিএনপির আমলেও কলাগাছ আন্দোলন করে আরেক নেতার ভাগ্য খুলেছিল।

No comments:

Post a Comment