ম্যাচ সেরা সিয়াম, পেলেন ১ হাজার টাকা!
মঙ্গলবার ঢাকার আবাহনী মাঠে ক্রিকেট খেললেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ‘দহন’ ছবির নায়ক হিসেবেই ক্রিকেটের ব্যাট বল হাতে মাঠে নেমেছিলেন তিনি। শুধু সিয়ামই নন, তার সঙ্গে ছিলেন ‘দহন’ ছবির পরিচালকসহ পুরো টিম। বিপরীত দলে ছিলেন 'মিস্টার বাংলাদেশ' ছবির নায়ক খিজির হায়াত খান ও তার পুরো টিম।
সিনেমার প্রচারণায় ক্রিকেট যুদ্ধে ‘দহন’এর কাছে মাঠে বেশ ধরাশায়ী হলো টিম ‘মিস্টার বাংলাদেশ’। সিয়ামের নেতৃত্বে ৬ উইকেটে জয় পেয়েছে দহন টিম। আর ম্যাচ সেরা হিসেবে সিয়াম পুরস্কার পেলেন মাত্র এক হাজার টাকা!
৩ ওভার বল করে ২ উইকেট নিয়ে ‘ম্যান অব ম্যাচ’ হন সিয়াম। সিয়াম ছাড়াও দু’ দলের প্রতিটি প্লেয়ারকে একটি করে মেডেল উপহার দেয়া হয়। চ্যাম্পিয়ন দল ‘দহন’কে দেয়া হয়েছে ট্রফি।
দুই দলের ১১ জন করে খেলোয়াড় অংশ নেয় খেলায়। দু’দলের খেলায় অংশ নিয়েছেন সিয়াম, পূজা, রাজ রিপা, রায়হান রাফী, শিমুল খান, খিজির হায়াত, হারুন রশিদ, শানু, টাইগার রবি সহ অনেকে।
প্রসঙ্গত, ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে অভিনয় করেছেন খিজির হায়াত খান। ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন আবু আকতারুল ইমান। জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৬ নভেম্বর।
অন্যদিকে ‘দহন’ নির্মাণ করেছেন রায়হান রাফি। এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি ও জাকিয়া বারী মম। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ৩০ নভেম্বর।

No comments:
Post a Comment