Tuesday, November 13, 2018

আবার নতুন এক ইনজুরিতে তামিম

আবার নতুন এক ইনজুরিতে তামিম

শেরেবাংলা স্টেডিয়ামের ২২ গজে বাংলাদেশ যখন গতকাল জিম্বাবুয়ের সঙ্গে টেস্টের তৃতীয় দিনের লড়াইয়ে ব্যস্ত, তখন মাঠসংলগ্ন একাডেমি মাঠে তামিম ইকবাল লড়ছেন অন্য এক লড়াই। যে চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নেই তিনি, সেই চোট কাটিয়ে উঠেছেন অনেকটাই। গতকাল একাডেমি মাঠে ব্যাট করেছেন ঘণ্টাখানেক। কিন্তু সেখানেই পেলেন আবার চোট। ব্যাট করার সময় টান লেগেছে মাংসপেশিতে। আপাতত ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন তিনি। 
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরাটা তাই আবারও অনিশ্চিত হয়ে গেল তামিমের। দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে চিকিৎসকের সবুজ সংকেত পেলেই তামিমকে উইন্ডিজ সিরিজের দলে রাখার ব্যাপারে ভাববেন তারা।
গত এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে হাতে চোট পেয়েছিলেন বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান তামিম। সেই চোট কাটিয়ে আবার ব্যাট হাতে নিতে তামিমের লেগেছে প্রায় সাত সপ্তাহ। দীর্ঘ বিরতির পর ব্যাট হাতে নেওয়ার পর শুরুতে কিছুটা সমস্যা হচ্ছিল। খানিকক্ষণ ব্যাট করার পরই অনুভূত হচ্ছিল ব্যথা। তবে সেই সমস্যা কেটে গিয়েছিল অনেকখানি। নেটে তামিমও তাই ব্যাট করছিলেন বেশ স্বচ্ছন্দে। কিন্তু মাংসপেশির টান আরও একবার দুর্ভোগে ফেলে দিল এই ব্যাটসম্যানকে। বিসিবি সূত্রে জানা গেছে, আল্ট্রাসনোগ্রামে গুরুতর কিছু ধরা পড়েনি। তবে ৪৮ ঘণ্টা পরও ব্যথা না কমলে এক্স-রে করে এরপর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

No comments:

Post a Comment